ভারত একটি ভিত্তিহীন জিনিসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে : পাক পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলাম টাইমস ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে আত্মঘাতি বোমা হামলায় ৪০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর ভারত সরকারের অভিযোগ ও পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া আফ্রিকা মহাদেশের দূতদের উদ্দেশে আয়োজিত এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করছে তা এই অঞ্চলের শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় কোনো কাজে আসবে না। ভারতীয় সামাজিক মাধ্যমে ভিত্তিহীন বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে।

ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় হামলা হওয়ার পর থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনৈতিকদের উদ্দেশে ধারাবাহিক ব্রিফিং দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আফ্রিকান কূটনৈতিকদের ব্রিফিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়।

তাহমিনা জানজুয়া আরও বলেন, ভারত সব সময় অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে রাখতে চায়। অথচ কাশ্মীর সংকটের সমাধান জাতিসংঘ ঘোষিত নীতিমালার আলোকেই হওয়া উচিৎ। পাকিস্তান তার বিরুদ্ধে করা সকল অভিযোগ প্রত্যাখ্যান করছে।

ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কূটনৈতিক বৈঠক করছে বলেও তিনি জানান।

সূত্র : ডেইলি পাকিস্তান

পূর্ববর্তি সংবাদফাঁকা পড়ে আছে ময়দান
পরবর্তি সংবাদঅর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড