ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুর শহরের বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট কলেজ কমিউনিটি ম্যাটস এর শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগ নিয়ে আন্দোলনে নেমেছে।
রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এই সকল অভিযোগ করেন ছাত্রছাত্রীরা।
তারা জানান, কোনো প্রতিবাদ করলেই ছাত্রীদের যৌন হয়রানি আর ছাত্রদের ভাইবা পরীক্ষায় ফেল করানো হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন বরাবরে স্মারকলিপিও দেয়।
ফরিদপুর কমিউনিটি ম্যাটস। এটি মেডিকেল টেকনোলজি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের কলেজ। দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের দুর্নীতি, অবহেলা, প্রহসন আর যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষার্থীদের। কোনো প্রতিকার না পেয়ে মাঠে নেমেছেন ছাত্রছাত্রীরা।
অভিযুক্ত পরিচালকদের অন্যতম একজন মো. মহসিন। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা যে সার্টিফিকেট দিবো তা দিয়ে তারা সকল চাকরিতে আবেদন করতে পারবে। বিএমডিসি’র অনুমোদন নেই স্বীকার করে বলেন, আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতারণার কথাও অস্বীকার করেন তিনি।
















