ইসলাম টাইমস ডেস্ক: জাপানিদের দীর্ঘকালের অভ্যাস অনেক সময় ধরে কাজ করার। কাজ-পাগল জাপানিদের রক্ষায় তৈরি করা হচ্ছে নতুন আইন ও ব্যবস্থা। এরই অংশ হিসেবে খুব শিগগির দেখা যাবে জাপানের অফিসগুলোতে টহল দিচ্ছে ড্রোন। কর্মীদের কাজের তদারকি করার জন্য নয়। বরং তারা যেন সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করে বাড়ির পথ ধরেন। এটা নিশ্চিত করার জন্যই এই ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মাধ্যমে জানা যাবে কে অত্যধিক সময় ধরে অফিসে আছেন। এমনকি, অতিরিক্ত সময় কাজ করা থেকে জাপানিদের আটকাতে আনা হয়েছে নতুন বিলও। এই বিলে বলা হয়েছে যে, সারা মাসে ১০০ ঘন্টার বেশি কাজ করা যাবে না।
সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, জাপানের কর্মীরা অতিরিক্ত কাজের চাপ নিয়ে নিজেদের মৃত্যু প্রবণতাও বাড়িয়ে তুলছেন। এবার সেই প্রবণতা আটকানোর জন্যই নিত্য-নতুন পন্থা নিচ্ছে সংস্থাগুলো। সাহায্য নেওয়া হচ্ছে প্রযুক্তিরও। দশকের পর দশক ধরে চলে আসা কর্মসংস্কৃতি এবার প্রযুক্তির সাহায্যেই পরিবর্তন করতে মরিয়া জাপান।
















