শাহ মুহাম্মাদ খালিদ ।। টঙ্গী ময়দান থেকে
তবে ময়দানে গিয়ে সরেজমিনে দেখা যায় আজও আশানুরূপ লোকসমাগম সেখানে হয়নি। এই প্রতিবেদক বাটা গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন। এদিক দিয়ে ময়দানের প্রবেশমুখে বেশ কিছু লোকজন থাকলেও এরপর থেকে জায়গাগুলো খালিই বলা চলে। সাথীরা ছত্রভঙ্গ হয়ে এখানে সেখানে বসে আছেন।
বয়ানের মিম্বরের সামনে কিছু লোক থাকলেও অন্যান্য জায়গাগুলোতে কোথাও মানুষ আছে কোথাও নেই— পরিস্থিতি অনেকটা এরকম। টয়লেট, অজুখানা, গোসলখানা ইত্যাদি জায়গাগুলো প্রায় জনশূন্য, যেখানে সাধারণত যথেষ্ট ভিড় হয়। বাদ আসর ও বাদ মাগরিব বয়ানের সময় মঞ্চের আশেপাশেও কয়েক হাজার শ্রোতার ভিড় লক্ষ করা গেছে।
আরও পড়ুন : ফাঁকা পড়ে আছে ময়দান
সকালে কদমতলী থেকে টঙ্গীর ময়দানে এসেছিলেন এক ইমাম। তিনি জানান, তার মসজিদের বেশকিছু সাথী মাওলানা সাদ-এর অনুসারী হওয়ায় তারা ইজতেমার এই অংশে শরীক হয়েছে।
ইসলাম টাইমসকে তিনি বলেন, সকালে ময়দানের উত্তর দিকে আচমকা এক প্রবল বাতাস বয়ে যায়।প্রত্যক্ষদর্শীদের অনেকের কাছেই যা অনেকটা ঘূর্ণিঝড়ের মতো লেগেছে। সেই প্রবল বাতাসে উপরের চটের শামিয়ানা, খাবারের ডেগচি, মাটিতে বিছানো ত্রিপল সব উল্টে যায়। প্রতিবেদক ময়দানের সেই জায়গায় গিয়ে তার কথার সত্যতা খুঁজে পান।
আজ সকাল দশটায় ওলামায়ে কেরামের বয়ানে দ্বীন কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কোরবানির কথা আলোচনা করা হয়। বয়ান করেছেন ভারতের শামীম আহমদ নামের একজন মুরুব্বি।
আজ বাদ আসর বয়ান করেছেন সাদপন্থীদের নেতা হিসেবে পরিচিত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। মূলত তার প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ এতাআতীদের যাবতীয় তৎপরতা চলছে।
আরও পড়ুন : বিভক্তি যদি শেষ না-ও করতে পারি, কমপক্ষে ভদ্রতা, শালীনতা অবলম্বন করি
বাদ মাগরিব বয়ান করেছেন ভারতের মাওলানা শওকত আলী। অনুবাদ করেছিলেন সাভারের আলোচিত ব্যক্তি মাওলানা জিয়া বিন কাসেম। পহেলা ডিসেম্বরে তাবলীগের পুরনো সাথী এবং মাদরাসার ওলামা-তলাবার ওপর বর্বর হামলার পর সাভারে এই জিয়া বিন কাসেম এবং তার সহযোগী আরো একজন আলেমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।
আগামীকাল সকাল দশটায় এই ইজতেমার আখেরি মোনাজাত হবে। মাওলানা সাদ এর অনুপস্থিতিতে নিজামউদ্দিন থেকে আসা সাদপন্থী কেউ মোনাজাত করবেন বলে ধারণা করা হচ্ছে। বয়ানের মিম্বরের পাশে পাহারার দায়িত্বে থাকা নজমের এক সাথী জানালেন, আজ রাতে মশওয়ারার পর কালেকের মোনাজাত পরিচালনাকারীর নাম জানা যেতে পারে।
আরও পড়ুন : আদর্শগত ভিন্নতার কারণেই ভিন্নভাবে ইজতেমা : সাদপন্থী মাওলানা আশরাফ আলী
















