ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, এরা ডাকাত দলের সদস্য ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি গান, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।
নিহতরা হলেন, উপজেলার গড়ুরা গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) এবং কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মহাবুল (৪০)।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কাটাদহ মাঠে দু’দল ডাকাতের গোলগুলি চলছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান যায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দৌলতপুর থানার এসআই আসাদুল ও কনস্টেবল জিয়া আহত হয়েছেন বলে দাবি করেন ওসি। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি গান, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।
নিহতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে ওসি নজরুল।
















