ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযান সমাপ্ত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মাঝে দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে এমনভাবে- মৃত্যুর পরও একে অপরকে জড়িয়ে ধরে রেখেছেন। আর তাদের মাঝখানে ৩ বছরের শিশু।
চকবাজারে অগ্নিকাণ্ডের আগে দোকান বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিন ভাই অপু, আলী ও ইদ্রিস। ছোট ভাই ইদ্রিস দোকানের চাবি বড় ভাইদের বুঝিয়ে দিয়ে বেরিয়ে যান। দোকানের পাশেই খেলছিল অপুর (৩২) তিন বছরের ছেলে আরাফাত। বিস্ফোরণে অপু-আলী-আরাফাত তিনজনই মারা গেছে। তাদের লাশ শনাক্ত করেছেন ছোট ভাই ইদ্রিস।
নিহত দুই ভাই অপু ও আলীর লাশ আলাদা করতে পারেননি উদ্ধারকারী সদস্যরা। তারা দু’জন একে অপরকে জড়িয়ে ছিলেন। এ অবস্থায়ই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর দেখা যায়, দুই ভাইয়ের লাশের মাঝে রয়েছে শিশু আরাফাতের লাশ।
আগুনের হাত থেকে বাঁচানোর জন্যই হয়তো দুই ভাই আরাফাতকে মাঝে রেখে একে অপরকে জড়িয়ে রেখেছিলেন বলে ধারণা করছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও উদ্ধারকারী ফায়ার সার্ভিসের সদস্যরা।
















