ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া হয়েছে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে। চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় অংশ নেন ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্রসহ মাহফিলের লাখ লাখ সাধারণ মুরিদ ও মুসল্লি।
আজ দুপুরে মাহফিলে আয়োজিত ‘উলামা-মাশায়েখ সম্মেলন’ শেষে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে মুফতি রেজাউল করীম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শোক ও সমবেদনা জানান। কুরআন তেলাওয়াত ও তাসবিহাত পাঠ করে তিনি নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সবার জন্য দোয়া করেন। দোয়ায় তিনি নিহতদের জন্য মাগফিরাত, আহতদের জন্য দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্তদের জন্য সবরে জামিল (উত্তম ধৈর্য) ও নি’মাল বদল (উত্তম প্রতিকার)-এর দোয়া করেন।
দোয়া শেষে তিনি সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
















