ইসলাম টাইমস ডেস্ক : ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০২০ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবো এবং ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাস, মুজিব বর্ষে ইনশাল্লাহ বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশ হিসাবেই অধিষ্ঠিত হবে।
আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, একটানা দশ বছর সরকার গঠন করে আমরা উন্নয়ন করেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটা সম্মান পেয়েছে, একটা মর্যাদা পেয়েছে এবং উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমরা ক্ষুধা দূর করতে পেরেছি। এখন দেশ দারিদ্রমুক্ত করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। আমরা সেখানেই থেমে থাকবো না, আমরা ২১০০ সালে বাংলাদেশ কেমন হবে, ডেল্টা প্ল্যান প্রণয়ন করে সেটার বাস্তবায়নও আমরা শুরু করেছি।
















