পৃথক পৃথক বন্দুকযুদ্ধে ৫ জেলায় ৬ জন নিহত

রাজধানী ঢাকা, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা ও কক্সবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক পৃথক বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য মতে, রাজধানীর যাত্রাবাড়ীতে ৪০ মামলার আসামি এক মাদক বিক্রেতা, খুলনা ও ময়মনসিংহে একজন করে দু’জন মাদক বিক্রেতা, কুমিল্লায় একজন ছিনতাইকারী, কক্সবাজারের টেকনাফে এক ডাকাত ও এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ সব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর পার গেণ্ডারিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হযরত আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে। এ সময় ১১ পিস ইয়াবা, অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও চাপাতি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়। তারা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাম, কনস্টেবল জাহেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খুলনা
নগরীর সদর থানার নিরালার দিঘীর পাড় নামক স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাসুদ রানা ওরফে মাসুদ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে মাদক ব্যবসায়ী। শুক্রবার ভোররাতে নগরীর সদর থানার নিরালার দিঘীর পাড় নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরী পাইপ গান ও ধারালো অস্ত্র সহ ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

ময়মনসিংহ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৫০) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিও মেডিকেল কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি পাইপগান জব্দ করা হয়েছে।

কুমিল্লা
জেলার তিতাস উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আল-আমিন নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে জেলার তিতাস উপজেলার ঝড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম।

কক্সবাজার
জেলার টেকনাফ উপজেলায় র‌্যাব ও বিজিবির সাথে পৃথক বন্দুকযুদ্ধে নুরুল আলম (৩৫) নামের এক ডাকাত এবং বিল্লাল হোসেন নামে একজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত এবং বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও সাবরাং ইউপির সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে রোহিঙ্গা নুরুল আলম টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পের অস্ত্র লুট ও আনসার কমান্ডার আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি।

পূর্ববর্তি সংবাদআগুনে পুড়ে ছাই সিলেটের ‘বিগবাজার’
পরবর্তি সংবাদসৌদি যুবরাজের পাক-ভারত সফর, কার প্রাপ্তি কতোটুকু?