ইসলাম টাইমস ডেস্ক : ২০০৩ সালে ইসরায়েলের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৬ বছর পর এই প্রথম পবিত্র আল আকসা মসজিদের বাব আল-রহমায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
১৬ বছর পর শুক্রবার জুমার সময় মুসলমানদের এই তৃতীয় পবিত্র স্থানে প্রবেশ করে নামাজ আদায় করেন কয়েক’শ মুসল্লি।
এর আগে মুসল্লিরা যাতে সেখানে প্রবেশ করতে না পারেন, সেজন্য ইসরায়েল এটি বন্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার জুমা উপলক্ষে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদের ভেতর বাব আল রহমাহ কয়েক শ ফিলিস্তিনি নামায আদায় করেন।
জেরুজালেমের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেন নামাজের ইমামতি করেন। ইসরায়েলের নিষেধাজ্ঞা অমান্য করে শত শত মুসল্লি জোর করে সেখানে গিয়ে নামাজ আদায় করেন। পরবর্তীতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে জায়গাটিতে ঢুকতে পারার আনন্দ প্রকাশ করেন তারা।
মুসলমানদের এই তৃতীয় পবিত্র স্থানে এই অংশটিতে গত ১৬ বছর ধরে কট্টর ইহুদিরা উসকানিমূলকভাবে প্রবেশ করত। জায়গাটি মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছিল।
জেরুজালেমের সাবেক মুফতি ও নতুন গঠিত ইসলামিক ওয়াকফা কাউন্সিলের সদস্য শেখ একরিমা সাবরি মুসল্লিদের উদ্দেশে নসিহত পেশ করেন। এসময় তিনি বলেন, আর কাউকে মসজিদ এলাকায় মুসলমানদের অধিকার হরণ করতে দেয়া হবে না।
শুক্রবার কোনো রকম সহিংসতা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
















