ইসলাম টাইমস ডেস্ক : সুদানে চলমান বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট ওমর আল বাশির এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার বিলুপ্ত ও প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।
গভর্নরদের শূন্য পদে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ দেন সুদানের প্রেসিডেন্ট এবং বিদায়ী মন্ত্রিপরিষদের মধ্যে পররাষ্ট্র, প্রতিরক্ষা, আইন ও বিচারবিষয়ক মন্ত্রীসহ পাঁচ মন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেন।
রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট ভবন থেকে সম্প্রচারিত ভাষণে ওমর আল বাশির বলেন, ‘দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করছি। কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে সরকারের বিলুপ্তি ঘোষণা করছি। কারণ, বিক্ষোভকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছেন। বাশির প্রেসিডেন্ট পদ না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বিক্ষোভ আয়োজকেরা।
সূত্র : দ্য গার্ডিয়ান
















