উইঘুর মুসলিমদের নয়, চীনকেই বেছে নিলেন সৌদি যুবরাজ

ইসলাম টাইমস ডেস্ক: চীন সফরে নির্যাতিত উইঘুর মুসলিমদের নয়, চীনকেই বেছে নিয়েছেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ।

সম্প্রতি আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও উইঘুর মুসলিমদের মধ্যে চীনকেই বেছে নিয়েছেন এমবিএস, উইঘুরদের নয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া’র খবরে বলা হয়েছে, সফরে চীন-সৌদি নিষ্কন্টক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ।

২২ ফেব্রুয়ারি শুক্রবার বেইজিং সফরকালে ‘সন্ত্রাস ও চরমপন্থা’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চীনের অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। এ সময় সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে দুই দেশের সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উল্লেখ্য, উইঘুর মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নকে ‘সন্ত্রাস ও চরমপন্থা’র বিরুদ্ধে লড়াই হিসেবে আখ্যায়িত করে থাকে বেইজিং।

চীনা প্রেসিডেন্ট বলেন, উভয় দেশকে চরমপন্থী চিন্তাধারার অনুপ্রবেশ এবং বিস্তার প্রতিরোধে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে হবে। সমন্বিতভাবে মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েরও তাগিদ দেন শি জিনপিং।

উত্তরে এমবিএস বলেন, চীনের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার এবং ‘সন্ত্রাস ও মৌলবাদবিরোধী’ পদক্ষেপের প্রতি সৌদি আরবের সম্মান ও সমর্থন রয়েছে।

সৌদি যুবরাজ বলেন, রিয়াদ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী।

এদিকে উইঘুর মুসলিমদের মানবাধিকার হরণের পক্ষে সৌদি যুবরাজের সাফাইয়ের কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিল। কাউন্সিলের মুখপাত্র মিকদাদ ভারসি যুবরাজের বক্তব্যকে ‘ন্যক্কারজনক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এমবিএস উইঘুর মুসলিমদের নির্যাতন কেন্দ্রে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১ শ্রমিক
পরবর্তি সংবাদসুনামগঞ্জে লিসাস-এর লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত