পরকীয়ায় জড়িত স্ত্রীর শাস্তি নিশ্চিত করতে হাইকোর্টে রিট, শুনানি ৫ মার্চ

ইসলাম টাইমস ডেস্ক : পরকীয়ায় জড়িত স্ত্রীর শাস্তি নিশ্চিত করতে এই সংক্রান্ত আইনের সংশোধন চেয়ে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদনের উপর আগামী ৫ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক বলেন, আগামী ৫ মার্চ অ্যাটর্নি জেনারেল এ মামলায় শুনানি করবেন। রিটের পক্ষে রিটকারী আইনজীবী ইশরাত হাসান উপস্থিত ছিলেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে বিবাদী করা হয়।

রিটে ৪৯৭ ধারা কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

ওই দিন অ্যাডভোকেট ইশরাত হাসান বলেছিলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী, কোনো স্ত্রী পরকীয়া করলে যার সঙ্গে পরকীয়া করবেন, শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।

‘অথচ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কিছুই করার নেই। একইভাবে স্বামী পরকীয়া করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বা যার সঙ্গে পরকীয়ায় জড়িত হবেন, তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাবেন না।’ তিনি বলেন, উপরোন্তু স্বামী যদি কোনো বিধবা বা অবিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রী যদি স্বামীর অনুমতি সাপেক্ষে পরকীয়ায় জড়িত হয়, তা আইনত বৈধ।

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, এই আইন সংবিধানের ২৭, ২৮ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি অদ্ভুত ও বৈষম্যমূলক।

পূর্ববর্তি সংবাদবজ্রসহ বৃষ্টির আভাস: আবহাওয়ার খবর
পরবর্তি সংবাদচুড়িহাট্টার কান্না : কীভাবে এড়াবেন দায়?