ইসলাম টাইমস ডেস্ক: অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও দরিদ্র ভ্যানচালক কিশোর কামরুল ইসলামের (১৩) কোনো সন্ধান মেলেনি এখনো । ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রাম থেকে গত রবিবার নিখোঁজ হয় কামরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আটরশীর বিশ্বজাকের মঞ্জিলের ওরস শরীফে যাবার কথা বলে তার ভ্যানটি ভাড়া নেয় কতিপয় ব্যক্তি। পরে সদরপুরের বাড়ইর হাট নামক স্থানে পৌঁছালে তারা ইঞ্জিন চালিত ভ্যানসহ কামরুলকে অপহরণ করে। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
এদিকে কামরুলকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে হান্নান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিষয়টি স্থানীয় পুলিশের কাছে জানানো হলে তারা এখনও কামরুল ইসলামকে উদ্ধার করতে পারেনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপহরণ হওয়া কামরুলকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
















