ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগমের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ বাতিল করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি বাতিলের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি আদেশে তার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।
গত ৪ ফেব্রুয়ারি তাকে ওএসডি করার পর ফেসবুকে দেয়া তার এক স্ট্যাটাসের জেরে ২১ দিনের মধ্যে ওএসডি বাতিল করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন হোসনে আরা। এরপর প্রশাসনে তোলপাড় শুরু হয়। গত ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন সচিব ফয়েজ আহাম্মদকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
















