ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানি সেনাদের হাতে বন্দী ভারতীয় পাইলট পাকিস্তানে সেনাদের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, পাকিস্তানি সেনারা আমাকে বিমান বিধ্বস্তের স্থান থেকে উদ্ধার করে। এরপর সেনা কর্মকর্তাদের একটি ইউনিটে আমাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আমার সেনাদের কাছেও এমন আচরণ প্রত্যাশা করি। আমি পাকিস্তানি সেনাদের ব্যবহারে অভিভূত।
বুধবার (২৭ ফেব্রুয়ারী) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের ভিডিও প্রকাশ করে। এক মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।
পাকিস্তানের দৈনিক ডন অনলাইনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি নিজের নাম অভিনন্দন ও বাড়ি দক্ষিণ ভারতে বলে উল্লেখ করেন । এ সময় তিনি বলেন, এখানে আমি সুচিকিৎসা পাচ্ছি।… ভারতেরও উচিত এমন পথ অনুসরণ করা।
ভিডিওতে দেখা যায়, একজন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন আটক পাইলটকে। ওই ব্যক্তিকে পাইলট বলছেন, তিনি এখানে যে জবানবন্দি দিয়েছেন তা নিজ দেশে ফিরে যাওয়ার পর হেরফের করবেন না। পাকিস্তানি সেনারা তাঁকে খুব ভালোভাবে দেখাশোনা করছেন।
দেশ দুটির চলমান উত্তেজনার মধ্যে গতকাল বুধবার পাকিস্তানে একটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে পাকিস্তানের দাবি, তারা ভূপাতিত ওই দুই বিমানের এক পাইলটকে আটক করতে সক্ষম হয়। প্রথম দিকে ভারত বিষয়টি অস্বীকার করলেও পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবিশ কুমার তাঁদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ হয়েছেন বলে স্বীকার করেন। এরপর পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটকে নিরাপদে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদের কাছে দাবি জানায় নয়াদিল্লি।
















