আবরার আবদুল্লাহ ।।
টঙ্গীর ইজতেমার মাঠে প্রবেশে প্রশাসনের বাধা থাকায় আজ ইজতেমার মাঠে অবস্থিত টিনশেড মসজিদে পূর্ব নির্ধারিত শবগুজারি হচ্ছে না। এ সপ্তাহের জন্য শবগুজারি হবে টঙ্গীর ধানখোলা মসজিদে। প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতেই মুরব্বিরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
টঙ্গীর ইজতেমার মাঠের দায়িত্বশীল মুহাম্মদ মোস্তফা ইসলাম টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যেহেতু প্রশাসন মাঠে জমায়েত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তাই মুরব্বি সিদ্ধান্ত নিয়েছেন এই সপ্তাহ পার্শ্ববর্তী ধানখোলা মসজিদে শবগুজারি করার।
তবে খুব তাড়াতাড়িই মুরব্বিরা প্রশাসনের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য বসবেন বলে জানান তিনি।
আরও পড়ুন : ইজতেমার মাঠে ১৪৪ ধারা জারি, যা বলছে প্রশাসন
গতকাল বুধবার টঙ্গীর ইজতেমার মাঠে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ইজতেমা পরবর্তী মাঠের কাজ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাদপন্থী আলেম মাওলানা আশরাফ আলী কৌশলে ইজতেমার মাঠে তাদের কাজ ও বৃহস্পতিবার টিনশেড মসজিদে শবগুজারির করার পক্ষে সমর্থন আদায় করে নেন।
আরও পড়ুন : ইজতেমার মাঠে সাদপন্থীদের প্রবেশে টঙ্গীবাসীর আপত্তি, সকাল থেকে কাজ বন্ধ
পরবর্তীতে যা টঙ্গী এলাকার সাধারণ মুসল্লি ও তাবলিগি সাথীরা মেনে নিতে অপারগতা প্রকাশ করেন। তারা সাদপন্থীদের মাঠে প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে ২৫ ফেব্রুয়ারি (সোমবার) লিখিত আবেদনপত্র জমা পুলিশ কমিশনার বরাবর।
আবেদনের পর সোমবার সকাল থেকে মাঠের কাজ বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। তারই ধারাধাহিকতায় গতকাল মাঠে ১৪৪ ধারা জারি করলো তারা।
২২ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী সকালে সাদপন্থীদের মাঠে প্রবেশ করার কথা ছিলো।
















