ইসলাম টাইমস ডেস্ক : নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রোহিঙ্গা সংকটের সর্বশেষ অবস্থা তুলে ধরে এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে শহীদুল হক বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কাউন্সিলকে জানাচ্ছি যে, মিয়ানমারের নতুন কোনো রোহিঙ্গাকে আর আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ।
তিনি বলেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন তাদের ফিরিয়ে নেওয়ার বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার। তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া মিয়ানমারের পরিস্থিতিরও উন্নতি হয়নি। এজন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের একজনও মিয়ানমারে ফেরত যাওয়ার আগ্রহ দেখাননি। তারা বলছে, মিয়ানমারে বসবাসের অনুকূল পরিবেশ নেই।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত ১৮ মাসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরও আগে থেকে আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করতেন।
















