ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে চার ইয়াবা কারবারি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ও সাবরাং এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা দুটি ঘটে।
হোয়াইক্যং এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার আব্দুল জলিল ওরফে জানে আলমের ছেলে রোহিঙ্গা নজির আহমদ ও মো. জাকারিয়ার ছেলে গিয়াস উদ্দীন।
অন্যদিকে সাবরাং এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ইয়াবা কারবারি হচ্ছেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকার কালা মিয়ার ছেলে আব্দুস শুক্কুর (৫২) ও আব্দুস শুক্কুরের ছেলে মো. ইলিয়াস (২৫)।
পিতা-পুত্রের ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা বড়ি, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ১টি খালী কার্তুজ উদ্ধার করা হয়। অপরদিকে আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
















