স্ত্রীকে ফেরত না পেয়ে নববিবাহিত যুবকের আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: স্ত্রীকে শশুর বাড়ি থেকে স্বামীর সাথে আসতে না দেওয়ায় কুমিল্লার লাকসামে রবিউল হোসেন (২০) নামে এক নববিবাহিত যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় লাকসাম পৌর শহরের মুড়াদরগাহ রোডের ভাড়া বাসা থেকে নিহত রবিউল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খুরগাও গ্রামের মনির হোসেনের ছেলে। মাত্র তিনমাস আগে তিনি বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া (ঝালুয়াকান্দি) এলাকার রফিকুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে রবিউল হোসেনের বিয়ে হয়। এরপর থেকেই রবিউল পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে লাকসাম পৌর শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহত রবিউলের ছোটবোন নিশু জানান, বৃহস্পতিবার বউকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন রবিউল। বিকেলে ৩টায় বউকে ছাড়া একাকিই তিনি বাড়ি ফিরে আসেন।

এ সময় তিনি তার শ্বশুর বউকে তার সঙ্গে আসতে দেয়নি বলে ঘরে অনেক চেঁচামেচি করেন। রবিউলের চেঁচামেচির কারণে নিশু তার ছোটভাই সুমনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।

ঘন্টাখানেক পর তারা ঘরে এসে দেখে রবিউল ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ওইসময় ঘরের দরজা খোলা ছিল। খবর পেয়ে সন্ধ্যায় লাকসাম থানার এসআই বেলাল হোসেন ও এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে রবিউলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তি সংবাদহেলমান্দ প্রদেশে তালেবানের হামলা, ২৩ আফগান নিরাপত্তা বাহিনী নিহত
পরবর্তি সংবাদচকবাজারে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭১