ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ি থেকে অজ্ঞাত এক নারী (৩০)র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ফতুল্লার হাজী ব্রাদার্স সড়কের জালাল উদ্দিনের বাড়ির প্রাঙ্গণ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, কেউ ওই নারীকে পিটিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাড়ির দারোয়ান ইদ্রিস আলী বলেন, সকাল সাড়ে ৭টায় বাড়ির প্রাঙ্গন পরিষ্কার করে বাথরুমে যাই। ১০ থেকে ১৫ মিনিট পর শব্দ পেয়ে এসে দেখি এখানে লাশ পড়ে আছে। পরে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে খবর দেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ওই নারীর হাতে ও পা থেঁতলানো। ধারণা করা যাচ্ছে কে বা কারা অন্য কোথাও পিটিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
















