ইসলাম টাইমস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বলেন, আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া মাহফিল করেছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছি। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামে তার তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা একটি অপসারণ করেন।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান বিকালে এক ব্রিফিংয়ে বলেন, অবস্থার সামান্য উন্নতি হওয়ায় ওবায়দুল কাদের ডাকে সাড়া দিয়ে চোখ মেলতে পারছেন।
তবে এখনও তার অবস্থা সঙ্কটজনক জানিয়ে এই চিকিৎসক বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে নিশ্চিত কিছু বলা সম্ভব না।
















