ইসলাম টাইমস ডেস্ক: অমুসলিমদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যে ‘আমার মসজিদ দেখে যান’ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বৃটেনজুড়ে এ কর্মসূচির আয়োজন করে সেখানকার মুসলিম কমিউনিটি।
২৫০টির বেশি মসজিদে অমুসলিমদের সম্ভাষণ জানানো হয়। এ সময় অভ্যাগত দর্শকদের কাছে ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরেন আয়োজকরা।
বৃটেনের মুসলিম কাউন্সিলের মহাসচিব হারুন খান বলেন, সমাজে বিভেদ সৃষ্টি ও ঐক্যে ফাটল ধরাতে বিনিয়োগ হচ্ছে। যুক্তরাজ্যের মুসলিমরা আজ সবার জন্য দরজা খুলে দিয়েছে। যারা আমাদের ঐক্য ভাঙতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা চেষ্টা করছি।
তিনি বলেন, আজ আমাদের আয়োজনে যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।
‘আমার মসজিদ দেখে যান’ অনুষ্ঠানের লক্ষ্য কট্টর ডানপন্থীদের মাধ্যমে বৃটেনের মসজিদ ও মুসলিমদের ওপর হামলা এবং ইসলামভীতি ও মুসলিমবিদ্বেষিতা কমানো। এ জন্য কমিউনিটি ও ধর্মীয় নেতাদের দাওয়াত করা হয়েছে। তাদের জানানো হচ্ছে, ইসলাম শান্তির ধর্ম। অথচ মুসলিমরা বৃটেনে হামলার শিকার।
দক্ষিণ পশ্চিম লন্ডনের কিংস্টন মুসলিম অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে। অমুসলিমদের শান্তির বার্তা দিতে তারা বিভিন্ন আয়োজন হাতে নেয়। এর মধ্যে অন্যতম হলো মসজিদ ঘুরে দেখা, ইসলামের শৈল্পিক সৌন্দর্য প্রকাশের প্রতিযোগিতা।
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী জেরমি বলেন, এসব আয়োজনে আমি নিয়মিত অংশ নিই। দিন দিন অনেকছিুই শিখছি। তিনি বলেন, অমুসলিমদের জন্য এ আয়োজনে বছর বছর দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।

এ আয়োজনের ৫ম বর্ষ পালন হয় এবার। এবারের আয়োজন বৃটিশ এমপিরা অংশ নেন। লেবার পার্টির নেতা ও বিরোধীদলের প্রধান জেরমি কোরবিন বলেন, প্রতিবছর সব ধর্মের লোকজনের জন্য মুসলিমরা তাদের দরজা খুলে দেয়। মুসলিমদের এ আয়োজন দেশের সব ধর্মের মানুষের জন্য দারুন সুযোগ।
তিনি বলেন, চলুন, এর মাধ্যমে আমরা এক হই। নিজেদের মধ্যে কেনো বিরোধ না রেখে একটি ব্রিগেডে পরিনত হই।
সূত্র : আনাদোলু এজেন্সি
















