ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলায় ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনের আগে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাবতলী রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু গণমাধ্যমকে জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে আসে। এ সময় ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়। এতে বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়।
পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার গণমাধ্যমকে জানান, বগি লাইনচ্যুত্যের কারণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তা মেরামত করতে সময় লাগবে। মেরামতের পরই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
















