মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে ঐতিহ্যবাহী মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ৮ম সাংস্কৃতিক উৎসব মাহেরজানে অংশ নিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের অংশগ্রহণে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এই সাংস্কৃতিক উৎসব। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে বাংলাদেশের স্টল

উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করে। প্রায় ১১০টি দেশের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করছেন। এ উৎসব ৯ মার্চ পর্যন্ত চলবে।

উৎসবে মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে বাংলাদেশ স্টল সাজিয়েছেন।

উদ্বোধনী দিনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উৎসবে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও বাংলাদেশ স্টল পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত বলেন, উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এ ছাড়া সৌদি আরবসহ অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বৃদ্ধি পাবে।

গোলাম মসীহ আরও বলেন, সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা যোগ দেন। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন প্রায় চার শ।

পূর্ববর্তি সংবাদবৃহস্পতিবার থেকে ১০০ টাকার নতুন নোট 
পরবর্তি সংবাদইসলামি শিক্ষার বিরুদ্ধে মেননের বক্তব্য অশালীন: ছাত্র জমিয়ত বাংলাদেশ