ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের এসআই (উপ-পরিদর্শক) পদে চাকরি দেয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের নাম শাকিল আক্তার ও মনিরুল হক। শাকিল আক্তার আগে পুলিশে চাকরি করতেন বলে জানা গেছে।
মেজর আশরাফুল হক জানান, নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিতেন শাকিল ও মনির। এ পরিচয়ে এসআই পদে চাকরি দেয়ার নামে তারা পাবনার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরি না পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরৎ চাইলে তাদের হুমকি দেয়া শুরু করে। পরে ভুক্তভোগীরা অভিযোগ করলে ভুক্তভোগীরা তাদের গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা আরও অনেক যুবকের সঙ্গে চাকরি দেয়ার নামে প্রতারণা করেছে। এর আগে অর্থের বিনিময়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করায় পুলিশ বাহিনী থেকে মনিরকে চাকরিচ্যুত করা হয়। এরপর শাকিলকে সঙ্গে নিয়ে প্রতারণা শুরু করেন মনির।
মেজর আশরাফুল হক আরও জানান, তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
















