ইসলাম টাইমস ডেস্ক: পাক-ভারত চলমান উত্তেজনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, ‘গুজরাট কসাই’কে এখন বিশ্বনেতারা ভুলে গেলেও আমরা তার হিংস্রতার কথা ভুলিনি।
বিলাওয়াল বলেন, পাকিস্তানে ঢুকে বিমান হামলা ও সীমান্তে উত্তেজনার জন্য একমাত্র দায়ী হলেন নরেন্দ্র মোদি। মোদি তো সেই ব্যক্তি, যিনি গুজরাটে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছেন। মোদির হাতে হাজারো মুসলমানের রক্ত লেগে আছে।
বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এক্সপ্রেস নিউজ
এ সময় পাকিস্তানের হাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে তড়িঘড়ি করে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক-ভারত চলমান পরিস্থিতি বিষয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, দেশের সংকটকালীন মুহূর্তে সামরিক বাহিনীর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী প্রধানসহ সামিরক বাহিনীর সকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে কঠিন এ পরিস্থিতির মোকাবেলা করেছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
সন্ত্রাসবাদ দমন ও পররাষ্ট্রনীতিতে আমরা সরকারের পলিসির সঙ্গে একমত, তবে ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ক্ষেত্রে ইমরান খান তাড়াহুড়া করেছেন।
















