ইসলাম টাইমস ডেস্ক: গত ৩ মার্চ রবিবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জাতীয় সংসদে দেয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে ঢাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ (৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দও শরীক হন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকারের প্রশ্নেও এই সংগঠনটির সরব ভূমিকা সর্বমহলে অত্যন্ত প্রশংসিত। অথচ কমিউনিস্ট নেতা রাশেদ খান মেনন সংসদে দাঁড়িয়ে এর আমীর প্রবীণ আলেম আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধেও কটূক্তি করেছেন। রাশেদ খান মেননের বক্তব্য উদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছে।
প্রতিবাদ সভায় বক্তারা রাশেদ খান মেননকে অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি এবং সংসদের কার্যবিরণী থেকে তার বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পীকারের প্রতি আহ্বান জানান।
সভায় ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ সরকারের প্রতি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, মুসলীম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক হেকিম আব্দুল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিশের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা সানাউল্লাহ মাহমূদী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন হোসাইন কাসেমী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুস্তফা মুঈনুদ্দীন খান, খেলাফত মজলিসের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল জলীল, জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, জমিয়ত ঢাকা মহানগরের যুগ্মসম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী প্রমুখ। প্রতিবাদ সভা পরিচালনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।
বক্তারা আগামী কাল ঢাকা বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী জেলার সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।
















