ইসলাম টাইমস ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে রাঙামাটির বাঘাইছড়িতে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বঙ্গলতলিতে সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিজ বাসা থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত উদয় বিকাশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর স্থানীয় সমন্বয়ক এবং তার হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) কে দায়ী করেছে তার সংগঠন ইউপিডিএফ।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মঞ্জুর জানিয়েছেন, আমরা জেনেছি বঙ্গলতলি এলাকায় উদয় বিকাশ চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, সে ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জনসংহতি সমিতি (এমএনলারমা) এর সাথে জড়িত। পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) এর কেন্দ্রীয় নেতা ও বাঘাইছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা হত্যাকাণ্ডের সাথে তার দলের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছেন, বঙ্গলতলি এলাকাটিতে আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রমও নেই। সেটি একেবারেই ইউপিডিএফ ও সন্তুর জেএসএস এর নিয়ন্ত্রিত এলাকা। তাদের নিজেদের মধ্যের বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন।
















