ইসলাম টাইমস ডেস্ক : কথিত ইহুদি বিদ্বেষী বক্তব্যের জন্য মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থানের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্বদানকারী ডেমোক্রেটিক পার্টি। গতকাল বৃহস্পতিবার এই প্রস্তাব উত্থাপনের কথা ছিলো।
ডেমোক্রেটিক নেতৃত্ব নিজ দলের সদস্যদের প্রতিবাদের মুখে প্রস্তাবটি উত্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহা করেছে। এরপর কবে উত্থাপিত হবে, সেটাও নিশ্চিত নয়।
জানা যায়, দলের প্রগতিশীল ও কৃষ্ণাঙ্গ সদস্যরা কংগ্রেসের একজন মুসলিম সদস্যকে আলাদাভাবে চিহ্নিত করে নিন্দাজ্ঞাপক প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। এক দলীয় বৈঠকে তাঁরা প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও একাধিক রিপাবলিকান নেতা মুসলিম, হিস্পানিক ও আফ্রিকান-আমেরিকানদের ব্যাপারে বর্ণবিদ্বেষী মন্তব্য সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আনা হয়নি। এখন ইলহান ওমরের বিরুদ্ধে কেন এ ধরনের প্রস্তাব আনা হবে?
মিনেসোটা থেকে নির্বাচিত আফ্রিকান বংশোদ্ভূত এই কংগ্রেস সদস্য প্যালেস্টাইনের সমর্থনে ও ইসরায়েলের সমালোচনা করেন। তিনি ইহুদি লবিং গ্রুপ এইপ্যাকের সমালোচনা করে বলেছিলেন, ‘মার্কিন রাজনীতিতে তাঁদের অর্থের প্রভাব রয়েছে। কোনো কোনো রাজনীতিক বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন।’ এরপর ক্ষুব্ধ রিপাবলিকান নেতারা শুধু নিন্দা নয়, ওমরকে প্রতিনিধি পরিষদের বৈদেশিক কমিটির সদস্যপদ কেড়ে নেওয়ার দাবিও তোলেন।
নিন্দাজ্ঞাপক খসড়া প্রস্তাবে প্রথমে ইলহান ওমরের নাম ঊহ্য রেখে শুধু সব ধরনের ইহুদিবিদ্বেষী বক্তব্যের নিন্দা করা হয়। পরে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের প্রতিবাদের মুখে তাতে ইসলামবিদ্বেষী বক্তব্যেরও নিন্দা করা হয়। তা সত্ত্বেও দলের সব সদস্য এ প্রস্তাব সমর্থনে তাঁদের অপারগতা প্রকাশ করেন।
বুধবার সন্ধ্যায় সিনেটর বার্নি স্যান্ডার্স এক বিবৃতিতে এ ধরনের প্রস্তাবকে ‘ভ্রান্ত’ বলে উল্লেখ করেন। সিনেটর কমলা হ্যারিসও এবং সিনেটর এলিজাবেথ হ্যারিসও প্রস্তাবটির বিরোধিতা করেন।
এর আগে গত ৫ মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পলিসির কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন সমাজের বিভিন্ন স্তর ও শ্রেণির প্রতিনিধিত্বকারী ৬৩৭ জন নেতা ইলহান ওমরের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবের বিরোধিতা করেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে মার্কিন সিনেট সদস্য থেকে শুরু করে বিভিন্ন ইহুদি সংগঠনের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত রয়েছেন।
















