ইসলাম টাইমস ডেস্ক: এবার ইসলামি বিধান পর্দা ও হিজাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন সরকারের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
আজ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় এমন বক্তব্য দেন তিনি।
হিজাব ও বোরকার সমালোচনা করে রেলমন্ত্রী বলেন, হিজাবের নামে নারীরা নিজেদের বন্দী করে ফেলছে। এর মধ্যে সুক্ষ্ম ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।
যেসব নারী পর্দার বিধান মেনে চলেন তাদেরকে জামায়াত ট্যাগ দিয়ে রেলমন্ত্রী আরও বলেন, জামায়াতের একদল আছে যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না।
এ সময় তিনি বোরকাপরা নারীদের সমালোচনা করে বলেন, বোরকা পরে অনেক নারী নানামাত্রিক অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।
দেশের সচেতন ধার্মিকসমাজ রেলমন্ত্রীর এমন বক্তব্যকে ইসলামের শরয়ী বিধান পর্দার বিরুদ্ধাচরণ বলেই মনে করছেন। পাশাপাশি যারা পর্দার বিধান পালন করেন, এ দেশের অসংখ্য নারী, তাঁদের জন্য এটা অবমাননাকর ও বিদ্বেষমূলক বলেও দাবি সচেতন মহলের।
তাঁরা বলছেন, জনগণের কাজে নিযুক্ত দায়িত্বশীল একজন মন্ত্রী হয়ে কারও ধর্মীয় স্বাধীনতা ও পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন মন্তব্য তিনি করতে পারেন না।
প্রসঙ্গত, ইতোপূর্বে রেলমন্ত্রী শেষনবীকে অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায়ের পক্ষপাত করায় দেশের মানুষ তার ভূমিকাকে ভালোভাবে গ্রহণ করে নি। এখন আবার তিনি ইসলামের শরয়ী বিধান পর্দা ও হিজাবের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিলেন।
















