মেননের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মান্ধরা আবার মাঠে নেমেছে: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামকে ধর্মান্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, রাশেদ খান মেননের বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা দিয়ে তথাকথিত ধর্মান্ধ একটি দল’ আবার মাঠে নেমেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভ করা হয়েছে।মেনন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পার্লামেন্টে তিনি বক্তব্যে যে কথাটি বলেছেন, সেই কথাটির ভুল ব্যাখ্যা দিয়ে আজকে তথাকথিত ধর্মান্ধ একটি দল আবার মাঠে নেমেছে। তারা তার বিরুদ্ধে মিছিল করেছে। তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, রাশেদ খান মেনন একটি গণতান্ত্রিক দলের প্রধান। তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন।

আ.লীগ নেতা নাসিম বলেন, রাশেদ খান মেনন কোনোভাবে ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করেন নাই। তিনি বরং প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এর মাধ্যমে যেন কোনো সাম্প্রদায়িক উসকানি দেয়া না হয়। কোনো ধর্মাশ্রয়ী রাজনীতি করা না হয়, এটা তিনি স্পষ্ট বলেছেন। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে এই চেনা মহলটি আবার মাঠে নেমেছে।

পূর্ববর্তি সংবাদজম্মু কাশ্মিরে এত দমনপীড়ন, কেউ কথা বললেই গ্রেফতার : জেকেএলএফ
পরবর্তি সংবাদমেননের বিচারের দাবিতে টুঙ্গীপাড়ায় বিক্ষোভ সমাবেশ