ইসলাম টাইমস ডেস্ক : গণফোরাম থেকে বহিষ্কৃত সুলতান মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণকে সমর্থন করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের মান রাখতে সুলতান মোহাম্মদ মনসুরের পথ ধরে ঐক্যফ্রন্টের বাকি নির্বাচিতরাও অচিরেই শপথ নেবেন।
আজ শুক্রবার সকালে ৭ম এনডিএফ বিডি-কুএমসি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবে উদ্বোধনের আগে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন। তার দেখাদেখি ঐক্যফ্রন্ট থেকে বিএনপির যারা নির্বাচন করেছিলেন তারাও শপথ নেবেন বলে আশা করছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া আদালত থেকে দণ্ড পাওয়া কয়েদি। কারা বিধি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া যে চিকিৎসা সেবা পাচ্ছেন তা দেশের সর্বোচ্চ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন।
এই সময় বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজীদ, এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সম্পাদক ফারুকউজ জামান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
















