ইসলাম টাইমস ডেস্ক : ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের চলাচলের উপর বিধি-নিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে আগামীকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
আগামীকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হবে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর শাহবাগ থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে করা এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড পরিচয়পত্র নিয়ে ওই এলাকায় চলাচল করতে হবে। নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যানবাহনও।
ডিএমপি কমিশনার আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে র্যাব ও পুলিশ কাজ করবে। হলের ভোট কেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে থাকবে চেকপোস্ট।
















