ইসলাম টাইমস ডেস্ক: নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে রওনা দিয়ে মাঝ আকাশে শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করার অপরাধে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় পাইলট। গ্রেফতারের পর ওই ভারতীয় পাইলটের পাসপোর্ট জব্দ করে ভিসাও বাতিল করা হয়েছে। এবং সাথেসাথে তাকে অন্য একটি বিমানে করে দিল্লি পাঠানো হয়েছে।
টাইমস নাউ–এর খবরে বলা হয়েছে, বিমানের ফার্স্ট অফিসার ছিলেন ৫০ বছর বয়সী ওই পাইলট। দিল্লি ও মুম্বাই থেকে তিনি অনেকবার উডোজাহাজে যুক্তরাষ্ট্র গেছেন। তবে আর কোনো দিনই ওই পাইলটকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগেও ভারতীয় ওই পাইলট এমন কাজ করেছেন। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুম্বাই বিমানবন্দর সূত্রের খবর, গত দুই মাস ধরেই ওই পাইলটের ওপর নজর রাখছিল মার্কিন কর্তৃপক্ষ। বিমান চালানোর সময় শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করা আর তা উপভোগ করার অভিযোগ অনেক দিন ধরেই ছিল ওই পাইলটের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের পর ওই পাইলট যে হোটেলে থাকতেন, সেখানেও নজর রাখা হয়েছিল। গত দুই মাস ধরে ওই পাইলটের ওপর গোপনে নজরদারি চালানো হয়েছিল।
















