ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। রবিবার রাত আড়াইটার দিকে শহরের এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে এ কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।
প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয় প্রভাবশালীরা ভোটের আগের রাতেই অনৈতিকভাবে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এতে সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল আলীম ও বেলাল হোসেনও জড়িত।
এ অবস্থায় সুষ্ঠু ভোটগ্রহণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে রাতেই জেলা রিটার্নিং অফিসার আব্দুল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন।
















