ইসলাম টাইমস ডেস্ক : গভীর রাতে গোপনে ব্যালট পেপারে সিল মারার অপরাধে সিরাজগঞ্জে এক প্রিজাইডিং কর্মকর্তা ও তার দু’জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, পছন্দের প্রার্থীর কাছ থেকে উৎকোচ নিয়ে গোপনে সিল মারা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে সদর উপজেলা রিটানিং কর্মকর্তার নির্দেশে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন ও নির্বাহী হাকিম মোঃ রহমত উল্লাহ সেখানে অভিযান চালান।
অভিযানে আটক হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন নিজেকে নিরাপরাধ দাবি করলেও তাকে ও ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক রাখা হয়।
প্রাথমিক তদন্ত শেষে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ঘটনার বিষয়ে রোববার দুপুরে সাংবাদিকদের জানান, ভোট শুরুর আগেই গোপনে সিল মারার অপরাধে প্রিজাইডিং কর্মকর্তা ও ২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।
















