ইসলাম টাইমস ডেস্ক: গত ৩ মার্চ সংসদ অধিবেশনে কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম ও আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কটাক্ষ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। মেননের বক্তব্যে ধর্মপ্রাণ মানুষ আহত হয়েছেন বলেও সংসদকে জানান তিনি।
সোমবার বিকালে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকারদলীয় এ সংসদ সদস্য।
নদভী বলেন, সংসদে ওনার (রাশেদ খান মেনন) কথায় আমরা আহত হয়েছি। আমিও কওমি সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। কিন্তু কওমি সন্তান। সংসদে আইন পাস হয়েছে। সর্বসম্মতভাবে এই আইন পাস হয়েছে। এরপরও এটা নিয়ে নিয়ে কথা বলা কাম্য নয়।
আইন পাস হওয়ার পর সংসদে এমন আলোচনা অনভিপ্রেত জানিয়ে আবু রেজা নদভী বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়ে এই সংসদে আইন পাস হয়েছে। আইন পাস হওয়ার পর এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। তার বক্তব্য আমাদের আহত করেছে।
এর আগে রোববার মেননের বক্তব্যকে ‘ধৃষ্টতা’ আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছিলেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
















