রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইনকে আদালতের নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধোলাইপাড় এলাকায় গত বছরের ২৮ এপ্রিল দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত পরবর্তী শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাসেলের চিকিৎসার ব্যয়ের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

এর আগে গত বছরের ১৪ মে রাসেল সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করে হাইকোর্ট। গ্রীন লাইন পরিবহনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

রাসেল সরকার (২৩) ভাড়ায় চালিত প্রাইভেট কারের চালক। গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তার গাড়িকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। তখন বাসের চালক ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে গ্রীন লাইন পরিবহনের চালক কবির হোসেন বাস চালানো শুরু করেন।

তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। তার পায়ের ওপর দিয়েই বাস চলে যায়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পথচারীরা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গাড়িসহ চালক কবিরকে আটক করে।

পূর্ববর্তি সংবাদশুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট দেয় না : পুলিশের মহাপরিদর্শক
পরবর্তি সংবাদঢাবির ভিপি নুরকে নিয়ে ‘বিস্ফোরক’ স্ট্যাটাস সাবেক ছাত্রলীগ নেতার