নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র  ‘দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের একটি গণমাধ্যম।

পাকিস্তানের জিয়ো নিউজের এক খবরে বলা হয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে ভূমিকার কারণেই মূলত নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ইমরান খানকে জায়গা দেওয়া হয়েছে।

ইমরানের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকেও তালিকায় জায়গা দেওয়া হয়েছে। ওই তালিকায় আরও আছেন ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চুক্তি সম্পাদনে মূল ভূমিকা রাখা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো।

‘দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর’-এর বরাত দিয়ে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ নেতৃত্বের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় বিস্ময় এবং বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন ইমরান খান।

ভারতীয় যুদ্ধবিমানের একজন পাইলটকে মুক্তি দিয়ে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রেখেছেন বলে   ব্যাপকভাবে প্রশংসিত হন ইমরান খান।

পূর্ববর্তি সংবাদহিরো আলমের জামিন নামঞ্জুর
পরবর্তি সংবাদ“যারা আজানকে সম্মান জানায় না, তাদের হাতে দেশ নিরাপদ নয়”