ইসলাম টাইমস ডেস্ক: চীনের বাধায় এবারও পাকিস্তানের মাসুদ আজহারকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
মাসুদ আজহারকে কালো তালিকা ভুক্ত করা হবে কিনা এই প্রশ্নে ভারতের পাশে ছিল আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশ। কিন্তু চীন প্রস্তাবটি নাকচ করে দেওয়ায় আপতত তাকে তালিকা ভুক্ত করা গেল না। এ ঘটনায় হতাশা ব্যক্ত করে এক বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।
সেই বিবৃতিতে সমর্থনকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রণালয় বলেছে, “আমরা হতাশ। এর ফলে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ করার পথ বন্ধ হয়ে গেল।”
প্রসঙ্গত, মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় আনার চেষ্টা এবারই প্রথম নয়। গত ১০ বছর ধরেই ভারত সরকার বিষয়টির জন্য সওয়াল করে আসছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর কাছে। প্রত্যেক বারই হোঁচট খেতে হচ্ছে বেইজিংয়ের আপত্তিতে।
















