নিউজিল্যান্ডের মসজিদে হামলা মুসলিমবিদ্বেষী পরিকল্পিত হত্যাকাণ্ড : জমিয়ত 

ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও লিনউড মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলাকে ভয়াবহ এবং মুসলিমবিদ্বেষী পরিকল্পিত নৃশংস সাম্প্রদায়িক হত্যাকাণ্ড উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সাথে দলটি এই ঘটনায় নিহতদের জন্য গভীর শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।

আজ (১৫ মার্চ) শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি এবং মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, পুঁজিবাদি ও জায়বাদীরা বিশ্বময় মুসলিমবিরোধী বর্ণবাদ ও ঘৃণা ছড়িয়ে দিতে প্রচারণা ও ষড়যন্ত্র চালিয়ে আসছে। আজকের নিউজিল্যান্ডের ভয়াবহ মুসলিম হত্যাকান্ডের ঘটনা তারই একটি প্রতিফলন।

তারা বলেন, নিউজিল্যান্ডের নিরীহ মুসলিম হত্যাকান্ডের দায় যেমন খুনী, তার সহযোগী এবং সেই দেশের সরকারের, তেমনি এই দায় পুঁজিবাদী পশ্চিমা বিশ্ব ও জায়নবাদীরা এড়াতে পারে না। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও বর্ণবিদ্বেষী এমন মিথ্যাচারিতা বন্ধে পদক্ষেপ না নেওয়ায় এর দায় নিতে হবে। পশ্চিমারা মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হিংস্রতার উন্মাদনার যোগান দেয়।

জমিয়ত নেতৃদ্বয় আরো বলেন, হতাশার দিক হচ্ছে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য পুঁজিবাদী ও জায়নবাদী শক্তির সমর্থন লাভের আশায় সেবাদাসের ভূমিকা পালনকারী মুসলিমদেশসমূহের অজনপ্রিয় সরকার, রাজনৈতিক দল ও কর্পোরেট হাউজ পরিচালিত মিডিয়াসমূহও মুসলিমবিরোধী এই প্রোপাগান্ডায় যুক্ত হয়েছে। যে কারণে, আজ নিউজিল্যান্ডে যে ভয়ানক রক্তপাত ঘটেছে, সে রকম হুমকি থেকে তৃতীয় বিশ্বের স্বৈরশাসক কবলিত মুসলিম দেশসমূহের জনগণও নিরাপদ নয়। আমাদের সকলকে এসব বিষয়ে গভীরভাবে ভাবতে হবে।

সংখ্যালঘু মুসলমানদের প্রতি সেই দেশের পুলিশ বাহিনীর চরম উদাসীনতার নিন্দা জানিয়ে জমিয়ত নেতৃদ্বয় বলেন, দেশটির সরকার ও পুলিশকে এ দায় নিতে হবে। জাতিসংঘ ও ওআইসিকেও এই ঘটনার তদন্ত করার আহ্বান জানান তারা।

বিবৃতির শেষে জমিয়ত নেতৃদ্বয় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও লিনউড মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত সকলকে শহীদি মর্যাদাদান এবং হতাহতদের পরিবার ও স্বজনদেরকে এই বেদনার ভার বহনের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে খ্রিস্টান-সন্ত্রাসীর বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ 
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ‘বন্দুকধারী’ নয় ‘খৃষ্টান জঙ্গি’: যুব মজলিস