ইসলাম টাইমস ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪ বাংলাদেশি নিহত হয়েছে। তিনি বলেন, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এবং স্থানীয় বাঙালিদের সঙ্গে কথা বলে তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন।
রোববার তিনি ইউএনবিকে এসব তথ্য জানান।
নিউজিল্যান্ড কর্তৃপক্ষ যে দু’জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তারা হালেন— ড. আব্দুস সামাদ ও হুসনে আরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউজিল্যান্ড সরকার বাংলাদেশকে জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে তারা মরদেহ হস্তান্তর করবে এবং তারা মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারবে।
গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের হটলাইনের মাধ্যমে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবে। নিউজিল্যান্ডে অনারারি কনসাল শফিকুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে (+৬৪ ২১০২৪ ৬৫৮১৯) যোগাযোগ করা যাবে। জরুরি যোগাযোগের জন্য দুটি নম্বর হচ্ছে +৬১ ৪২৪ ৪৭২৫৪৪, +৬১ ৪৫০১৭৩০৩৫।
হামলায় আহত আরেক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের মধ্যে লিপির অবস্থা সংকটাপন্ন। তার আরেকটি অস্ত্রোপচার করা লাগতে পারে। এছাড়া পায়ে গুলিবিদ্ধ মুতাসসিম ও শেখ হাসান রুবেলের অবস্থা বিপদমুক্ত।
















