হাইয়াতুল উলয়ার শীর্ষ বৈঠক : লালখান মাদরাসার পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : দারুল উলুম দেওবন্দ ও বাংলাদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধাবস্থান এবং বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের পক্ষপাতের অভিযোগে চট্টগ্রামের লালখান মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

বৈঠকে অংশগ্রহণকারী জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদের প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও জামিয়া গহরপুরের পরিচালক হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা উভয়ে হাইয়াতুল উলয়ার সদস্য।

আজ সকাল ১০টায় ঢাকার ফরিদাবাদ মাদরাসায় এই বৈঠক শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত তা চলে। বৈঠকে সভাপতিত্ব করেন হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

তারা জানান, লালখান মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত ও উলামায়ে কেরামের অবস্থানের বিরোধিতা করেছেন এবং বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাই তার মাদরাসার তাকমিল জামাতের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আপাতত তারা পরীক্ষা দিতে পারবেন না। তবে মাদরাসা পরিচালক ও কর্তৃপক্ষ যদি উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেদের ভ্রান্ত অবস্থান ত্যাগ করতে সম্মত হন তবে পরবর্তীতে সেই আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও জানান, শুধু লালখান নয়; যেসব আলেম ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই রকম অভিযোগ পাওয়া গেছে তাদেরকে ডেকে এনে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলা হবে। যদি তারা জমহুর (অধিকাংশ) উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের ব্যাপারে একই রকম সিদ্ধান্ত আসতে পারে।

এই বিষয়ে হাইয়াতুল উলয়ার বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তারা।

হাইয়াতুল উলয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে তারা এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, যেহেতু হাইয়াতুল উলয়ার আইনে বলা হয়েছে এই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নিয়ম নীতির উপর অটুট থাকবে এবং দেশের উলামায়ে কেরাম তা পরিচালনা করবেন, তাই কোনো প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও উলামায়ে কেরামের অবস্থানের বিরুদ্ধাচারণ করলে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার অবকাশ হাইয়াতুল উলয়ার আইনে রয়েছে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মাওলানা মুহিব্বুল হক, মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আনাস মাদানী, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

 

পূর্ববর্তি সংবাদ২ সপ্তাহ না যেতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আবারও শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদক্রাইস্টাচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী