কওমি শিক্ষার্থীদের বহির্বিশ্বে উচ্চশিক্ষা সুগম করতে বিশেষ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের বহির্বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বহির্বিশ্বের শিক্ষার্থীদের বাংলাদেশর কওমি মাদরাসায় পড়ার পথ সুগম করার লক্ষ্যে একটি উচ্চতর কমিটি গঠন করেছে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। আজ ঢাকার ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত বোর্ডের শীর্ষ বৈঠকে এই কমিটি গঠিত হয়।

আজ সকাল ১০টায় হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে বোর্ডের শীর্ষ বৈঠক শুরু হয় এবং তা দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকে।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসকে আহবায়ক করে গঠিত উচ্চতর কমিটিতে আরও রয়েছেন মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী।

বৈঠক শেষে উচ্চতর কমিটির অন্যতম সদস্য এবং জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদের প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমস এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই কমিটি ভারতের দারুল উলুম দেওবন্দসহ বহির্বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে কাজ করবে। কমিটি কওমি মাদরাসা স্বীকৃতি আইনের আলোকে সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেবেন এবং তা দ্রুততম সময়ে সম্পন্ন করার চেষ্টা করবেন।

তিনি আরও জানান, সাথে সাথে বহির্বিশ্বের শিক্ষার্থীরা যেন বাংলাদেশের কওমি মাদরাসায় লেখাপড়া করতে পারে এবং তাদের বাংলাদেশি ভিসা লাভের প্রক্রিয়া সহজ হয় সে লক্ষ্যেও কাজ করবে এই কমিটি।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মাওলানা মুহিব্বুল হক, মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসেজদা দিয়ে অনন্য প্রতিবাদ নিউজিল্যান্ড ফুটবলারের (ভিডিও)
পরবর্তি সংবাদখাদ্যমন্ত্রীর মেয়েজামাইয়ের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের