পাবনায় দুর্বৃত্তদের হামলায় দুই আ’লীগ নেতা গুরুতর আহত

ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় দু আ’লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন উপজেলায় আওয়ামী লীগ নেতা এএইচএম কামরুজ্জামান খোকন (৪৮) এবং তার সহযোগী শ্রমিক লীগ নেতা সাখাওয়াত হোসেন (৩৬)।

জানা যায়, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ মাস্টারের ঘোড়া মার্কার পক্ষে নির্বাচনী প্রচার শেষে নিমাইচড়া থেকে মোটরসাইকেলে কামরুজ্জামান খোকন ও সাখাওয়াত চাটমোহরে আসছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী নামক স্থানে পৌঁছলে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান জানান, তাদের দুজনের মাথা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহীতে পাঠানো হয়েছে।

এএসপি (চাটমোহর সার্কেল) ফজল-ই খুদা পলাশ বলেন, খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদজিম্বাবুয়েতে ঘূর্ণিঝড়, নিহত ২৪, আহত ৪০
পরবর্তি সংবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালাবদ্ধ ট্রাঙ্কের ভেতর নবজাতক !!