ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আরদানের অফিস শ্বেতাঙ্গ সন্ত্রাসীর কাছ থেকে একটি ইমেইল পেয়েছিলেন। শুক্রবার মসজিদে হামলার কয়েক মিনিট আগেই তারা মেইলটি পান। রবিবার সাংবাদিকদের এ কথা বলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আরদান।
তিনি বলেন, শ্বেতাঙ্গ সন্ত্রাসীর কাছ থেকে তার অফিস একটি ইশতেহার পেয়েছে। শুক্রবার মসজিদে হামলার কয়েক মিনিট আগেই তারা সেটি হাতে পেয়েছিলেন।
তিনি বলেন, যে ৩০ ব্যক্তি ওই ইশতেহার পেয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। হামলার অন্তত ৯ মিনিট আগে তার কাছে ওই সন্ত্রাসী ইশতেহারটি মেইল করেছিলেন।
জাসিন্দা আরদান বলেন, এতে স্থানের কথা উল্লেখ করা হয়নি। সুনির্দিষ্টভাবে বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি। এটি গ্রহণের দুই মিনিটের মাথায় তা নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়েছিল।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ ইশতেহারটি পড়েছি। এতে উগ্র ষড়যন্ত্রে ভরা ছিল। ঘটনা হচ্ছে, উগ্র দৃষ্টিভঙ্গি সম্বলিত একটি আদর্শিক ইশতেহার সেটি, যা এই হামলার ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। সত্যিই এটা বিরক্তিকর।
প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে অর্ধশত মুসল্লিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সূত্র: সিএনএন
















