ইসলাম টাইমস ডেস্ক : ইউরোপ-আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে ক্রমবর্ধনমান ইসলাম বিদ্বেষের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, এই পৃথিবীতে ইসলামবিদ্বেষ ও ঘৃণার কোনো স্থান নেই। এর প্রভাব খুবই ভয়াবহ।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত কানাডিয়ান নাগরিকদের পরিবারের সঙ্গে দেখা করার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন ট্রুডো।
এর আগে কানাডার অন্টারিওর অটোয়ার দক্ষিণ নিপেন মুসলিম কমিউনিটি মসজিদে তিনি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের বক্তব্য শোনেন এবং কিভাবে নিরাপদ ও সমন্বিত সমাজ গড়ে তোলা যায় সে বিষয়ে মতামত তুলে ধরেন।
গত শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন ট্রুডো।
নিজের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো বলেন, ‘প্রার্থনার সময় মানুষকে আক্রমণ করা অত্যন্ত বেদনার এবং নিউজিল্যান্ডে আজ যে গুলির ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছে কানাডা। হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড এবং বিশ্ব মুসলিম জনগোষ্ঠীর মতোই আমরা আজ শোকাহত।’
















