ইসলাম টাইমস ডেস্ক: দলের নেতাকর্মীদের নিয়ে ৯০তম জন্মদিন পালন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টারে।
এর আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে এরশাদ বলেন, এদেশে আমার মতো অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেয়ার জন্য সাত বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয়বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।
এরশাদ বলেন, শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি টিকে রয়েছে। দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।
রওশন এরশাদ তার বক্তব্যে এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলে কর্মীরা সিএমএইচে এরশাদের ভুল চিকিৎসার জন্য বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকেন। শ্লোগানের একপর্যায়ে রওশন বলেন, এ বিষয়ে তারা আমাদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়েছেন। সিএমএইচে ভুল চিকিৎসা হতে পারে না। সেনাবাহিনী নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। এতে পরিণতি ভালো হবে না।
জিএম কাদের তার বক্তব্যে এরশাদের দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি আমাদের পিতার মতো লালন পালন করেছেন, পুরো পরিবারকে আগলিয়ে রেখেছেন।
















