শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আটক, বললেন আমি আওয়ামী লীগের নেতা

ইসলাম টাইমস ডেস্ক : হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মুজিবুর রহমান। পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করার অভিযোগে তাকে আটক করছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)।

আটক হওয়ার পর মুজিবুর রহমান নিজেকে আওয়ামী লীগের নেতা ও সাবেক নেতা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী এ খবর নিশ্চিত করেন।

আটক মুজিবুর রহমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে দাবি করেছেন।

সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এসময় অ্যাভিয়েশন সিকিউরিটির এক সদস্যের তল্লাশিতে তার সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব ঘোষণা না দেওয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

পূর্ববর্তি সংবাদআল্লামা তাকি উসমানির উপর হামলায় ইমরান খানের নিন্দা
পরবর্তি সংবাদগ্যাসের মূল্যবৃদ্ধি রোধ ও নতুন নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা